Self-Help Group Women Protest in Harishchandrapur Over Six-Month Delay in Loan Disbursement

West Bengal News Malda

Posted by Aryan on 2026-02-23 13:43:10 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 8


Self-Help Group Women Protest in Harishchandrapur Over Six-Month Delay in Loan Disbursement

দীর্ঘ ছয় মাস ধরে ঋণ মেলেনি,হরিশ্চন্দ্রপুরে ক্ষোভে ফেটে পড়লেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা


মালদা: দীর্ঘ ছয় মাস ধরে ঋণ না পেয়ে চরম সমস্যায় পড়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা।অভিযোগ,বারদুয়ারি এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দেওয়া তাঁদের ঋণের আবেদন দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই ব্লকের মোট ১৩৭টি স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন কাজের জন্য ঋণের আবেদন করেছিল। সব মিলিয়ে ঋণের পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।এই ঋণের টাকায় কেউ সংসারের খরচ চালান,কেউ ছোট ব্যবসার পুঁজি জোগাড় করেন,আবার কেউ কৃষিকাজে বিনিয়োগ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঋণের টাকা না মেলায় বহু গোষ্ঠীর কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গিয়েছে।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন,তাঁরা নিয়মিত কিস্তিতে টাকা শোধ করেন এবং নির্ধারিত সুদের টাকাও সময়মতো পরিশোধ করেন। তবুও তাঁদের ফাইল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। বারবার ব্যাংকে গিয়েও নির্দিষ্ট কোনও উত্তর মিলছে না বলে দাবি তাঁদের।এই পরিস্থিতিতে সোমবার সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই কয়েকশো মহিলা ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কিছু সময়ের জন্য গেট বন্ধ করে প্রতিবাদ জানান।তাঁদের দাবি,অবিলম্বে সমস্ত ঋণের আবেদন নিষ্পত্তি করে টাকা ছাড়তে হবে। অন্যথায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য ব্যাংকের সামনে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দেন।


এলাকার স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী তাপসী রায় বলেন,“আমাদের গোষ্ঠীর ১০০টিরও বেশি ঋণের ফাইল ছয় মাস ধরে ব্যাংকে পড়ে রয়েছে।আমরা নিয়ম মেনে টাকা শোধ করি, সুদও দিই।তবুও কবে ঋণ পাব,তার কোনও স্পষ্ট উত্তর পাচ্ছি না।বাধ্য হয়েই আজ আমরা রাস্তায় নেমেছি।


অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী সংকটের কারণে ঋণের নথি যাচাই ও প্রক্রিয়াকরণে কিছুটা সময় লাগছে।তবে দ্রুততার সঙ্গে আবেদনগুলি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Search
Leave a Comment: