Posted by Aryan on 2026-01-01 14:05:25 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 30
বাংলাদেশে সনাতনী দিপু দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে গাজোলে ধিক্কার মিছিল!
সারা ভারত মতুয়া মহাসংঘের মালদা জেলা গাজোল ব্লক কমিটির উদ্যোগে বাংলাদেশের সনাতনী দিপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে গাজোল শহর জুড়ে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, গাজোলের বামনগোলা মোড় সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়ক থেকে এই ধিক্কার মিছিলটি শুরু হয়। মিছিলটি গাজোল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শেষে কদু বাড়ি এলাকায় একটি বেসরকারি লজের সামনে এসে সমাপ্ত হয়।
সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বী দিপু দাসকে গাছে বেঁধে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। এই বর্বর ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবিতে এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশের সনাতনীদের উপর কোনও ধরনের অত্যাচার না হয়, সেই দাবিতেই এই প্রতিবাদ ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি সহ সংগঠনের অন্যতম নেতৃত্ব জয়দেব সমাসদার এবং সারা ভারত মতুয়া মহাসংঘের মালদা জেলা ও গাজোল ব্লক কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা। মিছিল জুড়ে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান ওঠে এবং প্রতিবাদে সরব হন সংগঠনের সদস্যরা।