Posted by Aryan on 2026-02-03 15:48:35 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 42
মুম্বাইয়ে কাজ করতে গিয়ে কালিয়াচকের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার ও গ্রাম
মালদা জেলার কালিয়াচক–১ ব্লকের জালালপুর অঞ্চলের অন্তর্গত ধারা গ্রামের বাসিন্দা বাহাউদ্দিন (৫২) মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে কয়েক মাস আগে তিনি কর্মসংস্থানের সন্ধানে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) একটি নির্মীয়মান বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে উপরতলা থেকে নিচে পড়ে যান বাহাউদ্দিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনার খবর ধারা গ্রামে পৌঁছাতেই গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, বাহাউদ্দিনই ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তাঁর অকালমৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছে। প্রতিবছর জীবিকার সন্ধানে বহু মানুষ ভিনরাজ্যে পাড়ি দিলেও কাজের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ উঠছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।