Posted by Aryan on 2026-02-03 10:45:08 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 25
ব্রাউন সুগার তৈরির কারখানায় পুলিশের হানা, গ্রেফতার ৫—উদ্ধার ১৭ কেজি মাদক ও নগদ ৮ লক্ষ
মালদা, মঙ্গলবার: নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার কুমারপুর এলাকায় একটি বেআইনি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৭ কেজি ব্রাউন সুগার, মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক চারচাকা গাড়ি, একটি মোটরবাইক, একটি আইফোন এবং নগদ প্রায় ৮ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজন মাদক কারবারিকে—তিনজন মহিলা ও দু’জন পুরুষ।
মঙ্গলবার মালদা পুলিশ লাইনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে জেলা জুড়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবেই বিশেষ সূত্রে খবর পেয়ে কুমারপুরের ওই গোডাউনে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ এবং হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তদের।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে, বাকিদের বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকার সূত্র ধরে এই চক্রের আর্থিক লেনদেন ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।