Posted by Aryan on 2026-01-29 14:20:06 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 49
SIR–এর নামে হয়রানির প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের আন্দোলন, অভিষেকের ডাকে রাজধানী পাড়ি মৃত মাহিবার মুমিনের পরিবার
সংবাদ প্রতিবেদন:
এস আই আর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন)–এর নামে বাংলাজুড়ে যে হয়রানি, আতঙ্ক ও প্রশাসনিক সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে এবার সরাসরি দিল্লিতে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। SIR হিয়ারিংয়ের নোটিশজনিত মানসিক চাপে মৃত্যুর অভিযোগ ওঠা বাঙালি পরিবারগুলিকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা—বাংলার উপর অন্যায় চাপানো হলে তার জবাব রাজধানীতেই দেওয়া হবে।
এই আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কালিয়াচক এক ব্লকের আলিপুর এলাকার মৃত মাহিবার মুমিনের পুত্র ইসমাউল মোমিন বুধবার বাগডোগরা বিমানবন্দর হয়ে উড়োজাহাজে দিল্লির উদ্দেশে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মাহিবার মুমিনের। অথচ তাঁর SIR হিয়ারিংয়ের দিন ধার্য ছিল ১৬ জানুয়ারি।
পরিবারের দাবি, হিয়ারিং নোটিশ হাতে পাওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পারার আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় এবং প্রশাসনের উদাসীনতাই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়, যার পরিণতিতেই মৃত্যু ঘটে।
এ বিষয়ে কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখ কড়া ভাষায় বলেন, “এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজেপি-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের পরিকল্পিত সন্ত্রাস চলছে। SIR–এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। একজন বৈধ ভোটারও যদি বাদ যায় বা এই আতঙ্কে একটি প্রাণও ঝরে, তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না।”
তিনি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই শুধু রাজপথে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আদালত থেকে সংসদ—সব জায়গাতেই চলবে। বাংলার গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার প্রশ্নে দিল্লিকে জবাব দিতেই এবার রাজধানী অভিমুখে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ অভিযান।