Posted by Aryan on 2026-01-28 03:30:53 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 70
খালতিপুর রেলগেট ফ্লাইওভারের এনওসি দাবিতে কালিয়াচকে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
সোমবার কালিয়াচক–১ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কালিয়াচক কারবালা ময়দানে খালতিপুর রেলগেট ফ্লাইওভারের এনওসি (N.O.C) জারির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে খালতিপুর রেলগেট এলাকায় যানজট ও জনদুর্ভোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নূর সহ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মঞ্চ থেকে সাংসদ ইশা খান চৌধুরী জানান, খালতিপুর রেলগেট ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। কেন্দ্র সরকার এই প্রকল্পে ১০০ শতাংশ অর্থ বরাদ্দ দিতেও সম্মত। কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি না দেওয়ার কারণেই দীর্ঘদিন ধরে কাজ আটকে রয়েছে। তাঁর অভিযোগ, প্রশাসনিক গাফিলতি ও এনওসি না পাওয়াতেই ফ্লাইওভার নির্মাণ শুরু করা যাচ্ছে না।
কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্য সরকার অবিলম্বে এনওসি জারি করলেই খালতিপুর ফ্লাইওভারের কাজ শুরু হবে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, তা থেকে মুক্তি মিলবে। বক্তারা জানান, এই রেলগেট এলাকায় যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও কর্মজীবীদের উপর।
কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের উপর চাপ বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।