Posted by Aryan on 2026-01-14 11:22:06 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 41
দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকেই উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, গাজোলে চাঞ্চল্য
গাজোল, ১৪ জানুয়ারি:
দুই দিন ধরে এক যুবক নিখোঁজ থাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদা জেলার গাজোল এলাকায়। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর নিজের বাড়ির ঘরের মধ্য থেকেই নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলেন তাঁর বাবা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ এই ঘটনা প্রকাশ্যে আসে।
মৃত যুবকের নাম সাউ বাসকে (২৮)। তাঁর বাড়ি গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের বিহারগাঁও খন্তা গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্য বলতে বাড়িতে কেবল ওই যুবক ও তাঁর বাবা থাকতেন। তাঁর মা বহুদিন আগেই প্রয়াত হয়েছেন। বিয়ে হলেও যুবকের স্ত্রী বর্তমানে শ্বশুরবাড়িতেই থাকেন।
বাড়িতে দুটি ঘর ছিল—একটিতে যুবক থাকতেন এবং পাশের ঘরে থাকতেন তাঁর বাবা। জানা গিয়েছে, যুবক নিজের ঘরের মধ্যেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
এই মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। এদিন বুধবার বেলা ১২টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।